রাবি স্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ, আটক সন্দেহভাজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, কয়েকদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। ঘটনার অনুসন্ধানে রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

প্রক্টর আরও বলেন, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি স্টেশনের আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *