আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাছান কাউছার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, ৩ নম্বর চরমোহনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন আশা করছে, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।