“রাস্তা থেকে ভাতা, সব প্রয়োজন মিটবে অগ্রাধিকার ভিত্তিতে”  কায়সার আলম সেলিম

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। তাঁর বক্তব্যে উঠে আসে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত উন্নয়ন পরিকল্পনা এবং বরুড়ার সার্বিক অগ্রগতির চিত্র।
বক্তব্যের শুরুতে কায়সার আলম সেলিম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ সতেরো বছরের সংগ্রামের পর জনগণের সরাসরি ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দল সরকার গঠনের সুযোগ পেয়েছে। তিনি বলেন, দীর্ঘ প্রবাস জীবনে লন্ডনে বসে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংগ্রামের শিক্ষা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নেতা জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড চালু এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা ব্যবস্থা চালুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বরুড়ার পনেরোটি ইউনিয়ন ও পৌরসভায় ছত্রিশটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং পাঁচটি মন্দিরের পুরোহিতদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কায়সার আলম সেলিম আরও বলেন, সরকারি সুযোগ-সুবিধা যেন দলমত নির্বিশেষে প্রকৃত হকদার ও হতদরিদ্র মানুষ পান, তা নিশ্চিত করতে একটি উন্নয়ন কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দশজন সদস্যবিশিষ্ট পৃথক উন্নয়ন কমিটি কাজ করবে, যাদের স্বাক্ষরের ভিত্তিতে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও কলেজসহ সব ধরনের উন্নয়নকাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এতে প্রকৃত প্রয়োজন যাচাই করে সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে পাঠানো বার্তা তুলে ধরে সভাপতি জানান, পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে মন্ত্রিত্ব লাভের পর পর্যন্ত বরুড়ার সড়ক যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় তিনশত কিলোমিটার সড়কের জন্য বরাদ্দ নিশ্চিত হয়েছে। পাশাপাশি বরুড়ার একাধিক উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ ও সংস্কারকাজও শুরু হয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি অতীতের সতেরো বছরের অব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে বলেন, রাষ্ট্রব্যবস্থা তখন ভঙ্গুর হয়ে পড়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যে উন্নয়নমুখী ভূমিকা রাখছেন, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বরুড়াবাসীর প্রতি আহ্বান জানান, জাকারিয়া তাহের সুমনের হাতে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন সুষ্ঠু ও ন্যায়সংগতভাবে বণ্টিত হয়, সে বিষয়ে সকলে সজাগ থাকেন। এই আহ্বানের মধ্য দিয়েই তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি টানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *