মোঃআনজার শাহ
রাজনীতির মূল শক্তি যে জনগণ, সেই বিশ্বাসকে ধারণ করেই জনমানুষের কাছে নিজেকে বারবার নিয়ে যান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের (সুমন) এমপি। উন্নয়নের পরিকল্পনা কেবল সভা-সেমিনারের আলোচনায় সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও সমস্যার কথা জানতে তিনি সরাসরি ছুটে যান জনগণের কাছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই) পবিত্র জুমার নামাজ আদায়ের পর বরুড়া বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে পরিদর্শন করেন বরুড়া উপজেলা ভূমি অফিস।
জুমার নামাজ শেষে বরুড়া বাজারে পৌঁছে মন্ত্রী জাকারিয়া তাহের সুমন হেঁটে হেঁটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাঁদের ব্যবসার বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন। বাজারের নানা বিষয়ে ব্যবসায়ীরা তাঁদের প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরলে তিনি মনোযোগ সহকারে তা শোনেন।
ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের কল্যাণ এবং একটি সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম ভিত্তি। ব্যবসায়ীদের সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
বরুড়া বাজারের ব্যবসায়ীরা মন্ত্রীর এমন সরাসরি উপস্থিতিকে স্বাগত জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি যখন জনগণের মাঝে এসে তাঁদের কথা শোনেন, তখন মানুষের প্রত্যাশা ও আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হয়। তাঁরা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত করতে মন্ত্রীর এই আন্তরিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাজার পরিদর্শন শেষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরুড়া উপজেলা ভূমি অফিসে যান। সেখানে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবাদান প্রক্রিয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন। ভূমি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। মানুষ যেন সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পায়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য। জনপ্রতিনিধিদেরও জনগণের কথা শুনে তাঁদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।
স্থানীয়রা মনে করেন, বরুড়ার উন্নয়নকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানের প্রচেষ্টা জনবান্ধব নেতৃত্বেরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জনগণের এই নিবিড় সংযোগই একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পবিত্র জুমার নামাজ শেষে একজন জনপ্রতিনিধির সরাসরি মানুষের মাঝে উপস্থিত হয়ে তাঁদের কথা শোনা এবং প্রশাসনিক সেবার মান যাচাইয়ে মাঠপর্যায়ে ভূমি অফিস পরিদর্শনের এই উদ্যোগ বরুড়াবাসীর কাছে ইতিবাচক বার্তা বহন করেছে। জনকল্যাণ, উন্নয়ন ও সুশাসনের সমন্বয়ে জনগণের পাশে থাকার যে অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, তারই আরেকটি প্রতিফলন দেখা গেল শুক্রবারের এই কর্মব্যস্ত দিনটিতে।