রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে বাড়বে নিরাপত্তাঝুঁকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি:

রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর বড় চাপ তৈরি করছে বলেও জানান তিনি।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছরের বেশি সময় হতে চলেছে। এখন আর শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক কৌশল নতুন করে নির্ধারণ করা জরুরি।আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের অন্যান্য সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু যেন চাপা না পড়ে, সে বিষয়ে জাতিসংঘ, প্রভাবশালী দেশ ও মানবাধিকার সংস্থাগুলোকে নজর রাখতে হবে।স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতায় প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *