স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও অভিজ্ঞ তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। উয়েফা নেশন্স লিগে ৩৮ বছর বয়সী পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কি করেছেন হ্যাটট্রিক। অন্যদিকে ৩৫ বছর বয়সী বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা করেছেন জোড়া গোল।
দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সের দিনে জয় পেয়েছে তাদের দল। নেশন্স লিগের গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে পোল্যান্ড ৬-০ গোলে রোমানিয়াকে উড়িয়ে দিয়েছে। গ্রুপ ‘এ’-এর ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে তুরস্ককে হারিয়েছে।
বেলজিয়ামের হয়ে ম্যাচের শুরুতেই গোলের দেখা পান ডি ব্রুইনা। ১০ মিনিটে দদি লুকেবাকিওর সঙ্গে ওয়ান-টু খেলে কাছের পোস্টের কোণা দিয়ে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন ডি ব্রুইনা। ৫৯ মিনিটে বাঁকানো শটে বেলজিয়ামের দ্বিতীয় গোলটি করেন তিনি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ২০০তম গোল। পরে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
অন্যদিকে রোমানিয়ার বিপক্ষে লেভান্ডফস্কির হ্যাটট্রিকে ৬-০ গোলের বড় জয় পায় পোল্যান্ড। ম্যাচের ২২ মিনিটে রোমানিয়ার ডিফেন্ডার রাডু দ্রাগুসিন নিজেদের বক্সে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রোমানিয়া।
এর দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান লেভান্ডফস্কি। এরপর ৪৭ ও ৮৬ মিনিটে আরও দুটি গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের সপ্তম হ্যাটট্রিক পূর্ণ করেন পোলিশ এই তারকা।
পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ডও লেভান্ডফস্কির দখলে। জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে তার গোলসংখ্যা ৯২।
রোমানিয়ার বিপক্ষে পোল্যান্ডের হয়ে আরও গোল করেন পিটর জেলেনেস্কি ও জ্যান বেডনারেক। এ ছাড়া একটি গোল এসেছে আত্মঘাতী থেকে।