কামরুল ইসলাম:
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল মোস্তফা আমিনের (ধানের শীষ) ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এলাকায় নাজমুল মোস্তফা আমিনের গণজোয়ার রুখতে একটি বিশেষ মহল ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনাব আসহাব উদ্দিন চৌধুরীর বাড়ির সামনে ধানের শীষের প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। নাজমুল মোস্তফা আমিনের গণসংযোগ ও জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে একটি পক্ষ এই জঘন্যতম কর্মকাণ্ড লিপ্ত হয়েছে বলে তৃণমূল নেতাকর্মীরা দাবি করেছেন।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া: এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, “সন্ত্রাস ও নোংরা রাজনীতির মাধ্যমে ধানের শীষ এবং নাজমুল মোস্তফা আমিনের জনপ্রিয়তা কমানো যাবে না। যারা রাতের আঁধারে ব্যানার ছিঁড়ছে বা নেতাকর্মীদের ওপর হামলা করছে, তারা সুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছে না। এসব অপরাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমাদের শান্ত থাকতে দিন। যদি আবারও প্রমাণ পাওয়া যায় যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। নোংরা রাজনীতিকে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
সাধারণ মানুষের বক্তব্য: এলাকাবাসী জানান, লোহাগাড়া-সাতকানিয়ার মাটি ও মানুষের নেতা হিসেবে নাজমুল মোস্তফা আমিনের যে অবস্থান তৈরি হয়েছে, তা কোনো বাধা দিয়ে থামানো সম্ভব নয়। এই ধরনের কাপুরুষোচিত হামলা উল্টো সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি সহমর্মিতা ও সমর্থন আরও বাড়িয়ে দিচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকে।