বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে নতুন চমক যোগ হয়েছে। এ সিনেমার ‘তু মিল জায়ে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। গানটিতে এড শিরানের সঙ্গে রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
সম্প্রতি গানটি প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এড শিরান ও অরিজিৎ সিংয়ের যৌথ পরিবেশনা গানটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জানা গেছে, ভারতের সাম্প্রতিক সফরের সময় শাহরুখ খানের বাসভবন মান্নাতে গিয়েছিলেন এড শিরান। এর আগে শাহরুখকে নিজের ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। সেই সাক্ষাতেই শাহরুখ তাকে সুরকার জুটি সচিন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ওই রাতেই ‘তু মিল জায়ে’ গানের জন্য নিজের অংশের কথা লিখে রেকর্ড করেন এড শিরান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভোকাল রেকর্ডিংয়ের একটি ভিডিও প্রকাশ করে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্রিটিশ এই সংগীতশিল্পী।
এড শিরান বলেন, শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ই তিনি বলেছিলেন, পরবর্তী সিনেমায় তাকে গান গাইতে হবে এবং সেটিই হবে বলিউডে তার প্রথম কাজ। সময়ের সঙ্গে তাদের পরিচয় ও বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলেও জানান তিনি। শাহরুখের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
এদিকে গানটিতে হিন্দি ভাষায় এড শিরানের পরিবেশনার প্রশংসা করেছেন শাহরুখ খান। ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, বিশেষ করে গানের হিন্দি অংশগুলোর জন্য এডকে অশেষ ধন্যবাদ। একই সঙ্গে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করেন বলিউড বাদশাহ।
অন্যদিকে সচিন-জিগর ও অরিজিৎ সিংয়ের সঙ্গে একই সংগীত প্রকল্পে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এড শিরান।
গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় ‘তু মিল জায়ে’। প্রকাশের পর প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটি ৬০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউটিউবে প্রথম দিনেই গানটির ভিউ ৩ কোটি ৬৩ লাখ ছাড়ায়। পাশাপাশি চার লাখ ৩০ হাজারের বেশি লাইক পায় গানটি।
এর মাধ্যমে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’, ‘আদিপুরুষ’-এর ‘জয় শ্রী রাম’ এবং ‘সিকান্দার’ সিনেমার শিরোনাম গানের ভিউয়ের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। এ ছাড়া রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খানকে বিশেষ চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে।