মোঃ ফারুক আহমেদ:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল পর্যায়ে প্রোটিনসমৃদ্ধ মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা বিবেচনায় একজন শিক্ষার্থী যাতে একাধিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘স্কুল পর্যায়ে কীভাবে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা পূরণ করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে অবৈতনিক শিক্ষার পরিধি ধাপে ধাপে সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম চালু রয়েছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রাথমিক স্তর থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।