রায়হান আলী:
বিএনপির ঘোষিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত ও সংগঠিত করতে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম।
তাঁরা সবাই সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেই অভিজ্ঞতা ও নির্দেশনা তৃণমূল নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। এছাড়াও বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের এমপি প্রার্থী মীর শাহে আলমের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বৈঠকের শুরুতে দেশপ্রেমিক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দোয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্তত এক হাজারের বেশি বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।