মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটি তলা এলাকায় নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
এ সময় জামায়াতের সমালোচনা করে শাহজাহান মিঞা বলেন,‘বিএনপি’র আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের ক্রেডিট নয়। জামায়াতের নানারকম অবান্তর ইসলামবিরোধী কথাবার্তা ও কর্মকাণ্ডের কারণেই তারা ফিরে আসছে। তাদের আমি অভিনন্দন জানায়। আল্লাহর ইচ্ছাতে আগামীতে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই।’
তিনি আরও বলেন,‘নির্বাচিত হলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। পাশাপাশি কুটির শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব তোসিকুল আলম,সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ ও ধাইনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল কাইয়ুমসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।