নিজস্ব প্রতিবেদক:
একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। একই সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসির কার্যালয় থেকে তাঁদের ডিবি সদস্যরা নিয়ে যান। পরে তাঁদের মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিষয়টি জানার পর ডিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বর্তমানে তাঁদের সঙ্গে কথা বলছে ডিবি। নিরাপদ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাঁকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাঁকে জাতীয় প্রেসক্লাবে দেখা গিয়েছিল।