মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটালাইজ করার লক্ষ্যে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সদর উপজেলার অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এই কর্মশালায় ভূমি সেবার আধুনিকায়ন, তথ্যের সঠিক সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ এবং অটোমেটেড সিস্টেমের মাধ্যমে তা সমাধানের উপায়গুলো তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “ভূমি নিয়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। দেশের অধিকাংশ বিরোধের মূল উৎস ভূমি। তাই ভূমি ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে সামাজিক ও আইনি সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা তথ্য সন্নিবেশ ও সংশোধনের প্রক্রিয়া, ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট এবং সেবার গুণগত মান বৃদ্ধি করার উপায় সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। এই উদ্যোগকে ভূমি সেবার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।