সরকারি সেবা পেতে নাগরিকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়

নিজস্ব প্রতিবেদক:

একজন নাগরিককে সরকারি সেবা পেতে যেন একাধিক সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরতে না হয়। এ জন্য সমন্বিত ও সহজ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মঅধিবেশনের একটি সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের উচিত নাগরিকের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করে দ্রুত সাড়া দেওয়া। স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নাগরিকের প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণের পর বাংলাদেশ ইতোমধ্যে এর প্রথম ১০ বছর পার করেছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে সরকার নতুন কৌশল প্রণয়নের চেষ্টা করছে। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে অভিজ্ঞতা ও উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু রাষ্ট্রের পক্ষ থেকে দয়া বা করুণা বিতরণের বিষয় নয়। এর মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের মানবিক মর্যাদা, টিকে থাকার সক্ষমতা, উৎপাদনশীলতা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *