স্বাধিন সংবাদ প্রতিবেদন :
সরকার বিভিন্ন ধরনের সুবিধাভিত্তিক কার্ড চালু করলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নাগরিকদের জন্য এখন সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ হলো একটি ‘জাস্টিস কার্ড’।
বুধবার রাতে নাঙ্গলকোটে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি এখনো বহাল রয়েছে বলে মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হয়ে পড়ছে এবং গুম ও হত্যার মতো ঘটনাগুলো এখনো পুরোপুরি বন্ধ হয়নি। অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পাওয়ার আশঙ্কায় আইনি সহায়তা নিতে ভয় পান বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্য সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। ফলে জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তার মতে, দেশে ন্যায়বিচার নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ হবে। ভবিষ্যতে জনগণ ব্যালট বা গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় জয়নাল আবেদীন শিশির, তরিকুল ইসলাম, রিফাত রশিদ ও নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।