নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশের বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।’
নোটিশে আরও উল্লেখ করা হয়, বক্তব্যে তিনি অভিযোগ করেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তাঁর বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেট ভেঙে ফেলার চেষ্টা করলেও সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করেননি। বরং পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন। এ সময় সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’র সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে সাংবাদিকেরা পরিচালিত হন বলে অভিযোগ করেন।
নোটিশে বলা হয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে, যা সাংবাদিকতা পেশার জন্য ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এতে পেশাদার সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।