সাতকানিয়ার ছদাহায় পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিরখীল/সৈয়দাবাদ এলাকায় একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশের রাস্তার ধারে কচুরিপানায় আচ্ছাদিত একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি ওই ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল সাতকানিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. ইলিয়াস ওই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি জনি ও আলমগীরের পিতা বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং প্রায়ই মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য নজরুলের কাছে পরিবারের কোনো অভিযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর পাঁচ সদস্য থানায় গিয়ে মুচলেকা দিয়ে এসেছেন। বাদ আসর তার জানাজা সম্পন্ন হবে বলেও তিনি জানান।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *