জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুনের সূত্রপাত হয়।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামতকাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।