“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” – ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ: ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় সার্কিট হাউসে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সমবায় শুধু আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির একটি সংগ্রামের মাধ্যমই ছিল না, এটি আজ দেশের সাম্য ও সমতায় এগিয়ে নেওয়ার শক্তিশালী মাধ্যম। এবারের জাতীয় সমবায়ের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’। দেশের মাদক, অপরাধ ও শিক্ষাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমবায়ের শক্তির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “যারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে কাজ করতে হবে। এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারব। সমবায়ের মাধ্যমে গড়ে ওঠা বন্ধন ও সম্পর্ক সমাজে সুদৃঢ় অবস্থান নিশ্চিত করে, যা মাদক, সন্ত্রাস, অপরাধ ও শিক্ষাসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সহায়তা করবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা বিশ্বাস করি, আমরা এগুলো অতিক্রম করতে পারব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, জেলা সমবায় অফিসার মো আবু জাফর মিয়া, উপ-সহকারি নিবন্ধক মো নাজমুল হুদা, পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, বিকেএমই সভাপতি মো. হাতেম, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জুসেফসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ।

দিবসটি উদযাপনের মাধ্যমে সমাজে সমবায়ের গুরুত্ব, বন্ধন ও সামাজিক শক্তিকে তুলে ধরা হয়েছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *