সিদ্ধিরগঞ্জে বহিষ্কৃত বিএনপি নেতার পক্ষ নেওয়ার অভিযোগ

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিনের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রবির বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ ফুটপাত ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় উচ্ছেদ কার্যক্রম চলার সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

অভিযোগ রয়েছে, এ সময় বিএনপির সিনিয়র নেতা রবিউল ইসলাম রবি দল থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে উচ্ছেদস্থলে উপস্থিত হন। সালাউদ্দিনকে সেখানে দেখে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মো. শহিদুল ইসলাম এবং বিএনপি নেতা রওশন চেয়ারম্যানসহ কয়েকজনের সঙ্গে রবিউল ইসলাম রবির বাকবিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বাকবিতণ্ডার সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, বহিষ্কৃত কোনো নেতাকে সঙ্গে নিয়ে উচ্ছেদস্থলে উপস্থিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা রবির কাছে জানতে চান, বহিষ্কৃত নেতা সালাউদ্দিন কীভাবে তাঁর সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন।

একপর্যায়ে শহিদুল ইসলাম, রওশন চেয়ারম্যানসহ উপস্থিত জনতা সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। এ সময় তাঁকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। তবে সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং তাঁকে সঙ্গে নিয়ে রবিউল ইসলাম রবির ঘটনাস্থলে উপস্থিত হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা এবং বহিষ্কৃত নেতার সঙ্গে সিনিয়র নেতাদের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *