মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপককে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ আহম্মেদ (৫৪)। তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও রোড, মণ্ডলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসও রোড, মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ।
অভিযোগে বলা হয়, প্রতি লিটার অকটেনের মূল্য ১৪৫ টাকা হিসেবে ৫০০ লিটার জ্বালানি তেলের বাজারমূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা। তবে বিনামূল্যে ওই পরিমাণ জ্বালানি তেল সরবরাহে অপারগতা প্রকাশ করেন ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তা। এরপর থেকেই রাশেদ আহম্মেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে ওই কর্মকর্তা নিজ অফিসকক্ষে অবস্থানকালে রাশেদ আহম্মেদ সেখানে প্রবেশ করেন। এ সময় তিনি পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়।
কর্তৃপক্ষ দাবিকৃত জ্বালানি তেল বিনামূল্যে সরবরাহে অস্বীকৃতি জানালে আসামি ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে থানার একটি দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি, হুমকি বা চাপ প্রয়োগ করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।