সিপিএলে নতুন মিশনে মিরাজ, এবার মাঠে নামার অপেক্ষা

ক্রীড়া ডেস্ক:

হঠাৎ করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ডাক পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এবারের আসরে খেলবেন তিনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নতুন চ্যালেঞ্জ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন মিরাজ।

এর আগে ২০১৭ সালে সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন এই অলরাউন্ডার। সেবার ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে মিরাজের।

সিপিএলে অংশ নিতে বিমানে ওঠার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে মিরাজ লিখেছেন, নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। তার ভাষায়, ‘একটি নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান সফর শুরু করতে আমি প্রস্তুত।’

দেশের বাইরে এর আগে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন মিরাজ। শ্রীলঙ্কার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি আসরে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে চার ম্যাচে ৪৪ রান করেন তিনি। তবে বল হাতে কোনো উইকেট পাননি। ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল না হলেও দলটির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি।

এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মিরাজ। লাহোর কালান্দার্সের হয়ে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ২৮ বছর বয়সী মিরাজ। অতীতের চ্যাম্পিয়ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার মাঠের পারফরম্যান্সে নিজের সামর্থ্য দেখাতে চাইবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *