ইরান সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে নারাজ ভ্যান্স, সায় ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এ অবস্থানকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সঙ্গে চলমান সংঘাত বড় কোনো বিষয় নয়; বরং এটি ‘তুচ্ছ’ পর্যায়ের।

ভ্যান্সের বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি বুঝতে পারছেন। তার মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা বর্তমানে অনিয়মিতভাবে চলছে। এ কারণে ভ্যান্স কেন এটিকে সরাসরি ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করতে চাইছেন না, তা তিনি বুঝতে পারছেন।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে। একই সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লড়াই শুরু হয়। এর এক দিন আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেছিলেন, তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করবেন না।

আগামী ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে এ সংঘাত শেষ হবে কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স কোনো ভবিষ্যদ্বাণী করতে চাননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো সক্রিয় গোলাগুলি চলছে না।’ তাদের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধের পরিবর্তে সীমিত সামরিক অভিযান হিসেবে উপস্থাপন করতে চাইছে।

এদিকে ভ্যান্সের বক্তব্যের সময়ই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে হামলা চালায় ইরান। চলতি সপ্তাহের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি সাম্প্রতিক কয়েকটি মার্কিন যুদ্ধের তুলনায় কম। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন পর্যন্ত ইরানে শুধু বিমান হামলা চালিয়েছে এবং সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হয়নি।

এ সময় ট্রাম্প ইরান সংঘাতে মার্কিন সেনাদের প্রাণহানির সঙ্গে অন্যান্য সংঘাতের তুলনাও করেন। তিনি ভেনেজুয়েলা ও ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ দেন। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হয়নি। অন্যদিকে ইরান সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প প্রায় এক লাখ মার্কিন সেনা নিহত হওয়ার কথা উল্লেখ করলেও মার্কিন ন্যাশনাল আর্কাইভসের তথ্য অনুযায়ী, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৫৮ হাজার ২২০ সদস্য নিহত হন।

এক সাংবাদিক ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও ইরান সংঘাতকে ‘তুচ্ছ’ বলার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। জবাবে ট্রাম্প তার আগের বক্তব্যই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সামরিক অভিযান ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করেছে।

ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তার মতে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠত। তবে সংঘাতে একাধিক হামলা, বিপুল অর্থ ব্যয় ও মার্কিন সেনাদের প্রাণহানির ঘটনা ঘটলেও মার্কিন প্রশাসন এটিকে সীমিত সামরিক সংঘাত হিসেবেই তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *