আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার এ গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।সিরিয়ার আল-ইখবারিয়া টিভির খবরে বলা হয়, আল-রাফিদ এলাকায় ইসরায়েলি বাহিনী ছয়টি গোলা নিক্ষেপ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে পাঁচটি সামরিক যান নিয়ে ইসরায়েলি বাহিনীর একটি বহর আল-রাফিদ শহরের উপকণ্ঠে প্রবেশ করে। তবে কাউকে গ্রেপ্তার না করেই তারা ওই এলাকা থেকে ফিরে যায়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কুনেইত্রায় ইসরায়েলি বাহিনীর এ ধরনের তৎপরতা নিয়মিত হয়ে উঠেছে।গত বৃহস্পতিবারও দক্ষিণ কুনেইত্রার তাল আল-আহমার এলাকার কাছে ইসরায়েল দুটি গোলা নিক্ষেপ করে। এর আগে মঙ্গলবার আল-রাফিদ এলাকার পশ্চিমাঞ্চল থেকে এক রাখালকে আটক করে ইসরায়েলি বাহিনী। কয়েক ঘণ্টা পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বাহিনী নিয়মিত অনুপ্রবেশ করে তল্লাশি ও গ্রেপ্তার চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।