নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মো. ইমরান (২৮) নামে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের চালক মো. জাকির হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাক্কানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান বগুড়া জেলার কালাহু থানার দক্ষিণ জামগ্রাম এলাকার নাছির উদ্দিনের ছেলে।
কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোরে হাক্কানি ফিলিং স্টেশনের সামনে ইমরানসহ কয়েকজন শ্রমিক বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এ সময় ঢাকামুখী লেনে থাকা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) তাদের বহনকারী মিনি ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ইমরান ও মিনি ট্রাকের চালক জাকির হোসেন গুরুতর আহত হন। ইমরানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহত জাকির হোসেনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূঁইয়া দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।