ক্রীড়া প্রতিবেদক:
সবকিছু ঠিক থাকলে আজ (২৮ আগস্ট) বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সাদা বলের সিরিজটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেন, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।
২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এখনো এ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজটি নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এর প্রভাব পড়ে ক্রিকেটীয় সম্পর্কেও। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভারতের নির্ধারিত সিরিজ পিছিয়ে যায়।
এদিকে চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে ঘিরেও দুই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ দল।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। বিসিবিও এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এখন সিরিজটি সেপ্টেম্বরে হবে, নাকি আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াবে—সেদিকেই তাকিয়ে আছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।