মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভুয়া ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের তদারকিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত পানাম ফুড পার্ক থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: মৃত মরিয়ম বেগম। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে।
অপর গ্রেপ্তার ব্যক্তি আবিদ মাহমুদ আকাশ (২৯), পিতা: মো. মোস্তফা মোল্লা, মাতা: আমেলা আক্তার। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার অলিপুর ডাকঘরের নানাখি গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।