মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সজিব ওরফে ‘ব্লেড সজিব’ (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালায়।
গ্রেফতার সজিব উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে। পুলিশের দাবি, গ্রেফতার সজিবের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।