সোনারগাঁয়ে দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মাসুমের ছেলে মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *