সৌদি সুপ্রিম কোর্টের আহ্বান: রোববার দেখা যাবে জিলহজের চাঁদ, নির্ধারিত হবে ঈদের দিন

আন্তর্জাতিক ডেস্ক   :

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা হতে পারে রোববার সৌদির সুপ্রিম কোর্ট বলেছে, যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন। রোববার (১৭ মে) সাধারণ মানুষকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৫ মে) দেশটির সর্বোচ্চ আদালত এই আহ্বান জানায়। রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন হবে। যদি এদিন সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দেখা যায় তাহলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২৭ মে হবে ঈদুল আজহা। তবে ১৭ মে সৌদির আকাশে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে ঈদুল আজহা হবে ২৮ মে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ইসলামি দেশগুলোয় আগামী রোববার (১৭ মে) যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অংশে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) যুলহিজ্জাহ বা জিলহজ মাসের প্রথম দিন হতে পারে।
এই হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ১৩ মে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, রোববার (১৭ মে) সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
কাউন্সিল আরও জানায়, উন্নত প্রযুক্তি ও আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দেশের জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জিলহজ মাসের চাঁদ ইসলামি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ইসলামি মাসটির ১০ম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *