হাজিরহাট ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা সেলিম মোল্লা

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা। সম্প্রতি হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করে তিনি নিজের প্রার্থিতার কথা জানান। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে আব্দুল খালেক সেলিম মোল্লা হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আব্দুল খালেক সেলিম মোল্লার দাবি, দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৮৯ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি মনপুরা উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মনপুরা উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন এই বিএনপি নেতা।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল খালেক সেলিম মোল্লা। তাঁর ভাষ্য, দলীয় মনোনয়ন পেলে গরিব-ধনী, দল-মত ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে ইউনিয়নের সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

তিনি বলেন, “আমি ১৯৮৯ সাল থেকে মনপুরা উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। পরে যুবদলের রাজনীতি করেছি। বর্তমানে বিএনপির মূল দলে আছি। দলের জন্য দীর্ঘদিন জেল, জুলুম ও নির্যাতন ভোগ করেছি। আমি আশাবাদী, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমার কাছে গরিব-ধনী কোনো ভেদাভেদ নেই। সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। হাজিরহাট ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

মতবিনিময়ের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বাজার ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা করেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

আব্দুল খালেক সেলিম মোল্লা নিজেকে সাধারণ মানুষের পাশে থাকা একজন সমাজসেবক হিসেবে উল্লেখ করে বলেন, ইউনিয়নের উন্নয়নে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় থাকা জরুরি। নির্বাচিত হলে তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান।

পাশাপাশি অন্যায়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার কথাও জানান তিনি। হাজিরহাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুল খালেক সেলিম মোল্লা আরও দাবি করেন, তিনি বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়নের বিশ্বস্ত ব্যক্তি ও প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দল যদি তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে হাজিরহাট ইউনিয়নের মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় শেষে হাজিরহাট ইউনিয়নের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন আব্দুল খালেক সেলিম মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *