নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।
নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষ হলে তা অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে।
ওই কর্মকর্তা বলেন, গেজেট প্রকাশে কোনো বিলম্ব করতে চায় না সরকার। প্রক্রিয়াগত কারণে যতটুকু সময় লাগছে, সেটুকুই। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে সোমবার মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই পে স্কেলের আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগছে।