১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের দ্বারপ্রান্তে: ত্রাণমন্ত্রী

রংপুর ব্যুরো:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত সরকারের ১৭ বছরের জুলুম, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্য খাত নয়, বাংলাদেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। বর্তমান সরকার এসব সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। বিশেষ করে স্বাস্থ্য খাতকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্য খাতে জনবল সংকটের বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, সারা বাংলাদেশেই জনবল কাঠামোর সংকট রয়েছে। ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য চাহিদা পূরণের চেষ্টা করা হবে।তিনি বলেন, ‘সবাই সহযোগিতা করবেন, যাতে আমি এই হাসপাতালটিতে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দিতে পারি।’রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে তিনি রংপুরে এসেছেন জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, গত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কতটা কার্যকর হয়েছে, কতটা হচ্ছে না এবং কেন হচ্ছে না—এসব বিষয় অনুসন্ধান ও ফলোআপ করার জন্য তিনি এসেছেন।হাসপাতালে আইসিইউ বেড চালুর বিষয়ে মন্ত্রী বলেন, এখানে আইসিইউ বেডের দাবি ছিল। অ্যানেস্থেশিয়ার চিকিৎসক না থাকায় এতদিন তা চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে চিকিৎসক পদায়ন করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুল হাবিব দুলু বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, তাই একটু সময় লাগছে।’তিনি বলেন, ‘আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। এটিই আমাদের কাছে সবচেয়ে জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *