অর্থনৈতিক প্রতিবেদক:
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার দেশে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৯৩ কোটি ডলার।
সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে দেশে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।