নিজস্ব প্রতিবেদক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সফরের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ও জাপানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে আলোচনা চলছে।
এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক প্রায় প্রস্তুত রয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে। উভয় পক্ষের সম্মতি হলে প্রধানমন্ত্রীর সফরের সময় এটি সই হতে পারে।
জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দুই দেশ বর্তমানে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও মানুষে-মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করছে।
আগামী সফরকে কেন্দ্র করে দুই দেশের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর বৈঠক ও অন্যান্য কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তবে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।