মোহাম্মদ হোসেন হ্যাপী:
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির জনপ্রতিনিধি ও প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে পাঁচটি নির্দিষ্ট শর্তকে গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় আয়োজিত একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসিক প্রশাসক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি বা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে, সেগুলো হলো— গত ১৫ বছর মাঠে-রাজপথে থেকে বিএনপির রাজনীতি করা, জেল-জুলুম, নির্যাতন ও মামলা-মোকদ্দমার শিকার হওয়া, নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং যাদের বিরুদ্ধে মাদক বা চাঁদাবাজির কোনো অভিযোগ কিংবা মামলা নেই। এই পাঁচটি শর্তের ভিত্তিতেই প্রার্থিতা দেওয়া হবে।
তিনি বলেন, “৫ আগস্টের পর হঠাৎ করে বড় বিএনপি নেতা বনে যাওয়া ব্যক্তিদের মূল্যায়ন করা হবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনো সুবিধাবাদীকে সুযোগ দেওয়া যাবে না এবং তাদের ভোটও দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে, যিনি এলাকার উন্নয়নের স্বার্থে জেলার নেতা ও মন্ত্রীদের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারবেন এবং নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করতে সক্ষম হবেন।
দলীয় শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা অতীতে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের পরিণতি সবাই দেখেছে। আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই। দলের বাইরে থেকে দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে—এমন ব্যক্তিদের আর মূল্যায়ন করা হবে না।
মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আলহাজ শাহীন হোসেন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।