পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ এবং উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণের দাবিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অধ্যক্ষের কক্ষের দরজার কিছু অংশ পুড়ে কালচে হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মীরা।
কলেজের নাইট গার্ড মাফিজ উদ্দিন (৫৫) জানান, রাত ৩টার দিকে তিনি দেখতে পান হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। ঘটনাস্থলে একটি পেট্রলের বোতলও পড়ে থাকতে দেখা যায়।
তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট থাকায় ঘটনার কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রোববার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে কলেজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ নিয়োগ নিয়ে টানাপোড়েন
পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়। গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তবে যোগদানের একদিন পরই তার বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর তাকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
কিন্তু একদিনের ব্যবধানেই তার পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়ার খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
অধ্যক্ষ নিয়োগ নিয়ে চলমান টানাপোড়েন এবং শিক্ষার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে আগুন দেওয়ার ঘটনায় কলেজটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।