বান্দরবান জেলা প্রতিনিধি:
অত্যন্ত আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ‘সম্প্রীতির বান্দরবান জেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আলীকদম উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বান্দরবান সদর উপজেলা দল।
গতকাল বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলার নির্ধারিত সময়ের একমাত্র গোলে জয় নিশ্চিত করে সদর উপজেলা।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য জনাব জসিম উদ্দিন তুষার, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন স্তরের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন বান্দরবান সদর দল এবং রানার্স-আপ আলীকদম উপজেলা দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স-আপ ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় করতে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সম্প্রীতির বান্দরবান গড়তে এই ধারা অব্যাহত থাকবে।”