অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মিডল অর্ডারে উন্নতি, টপ অর্ডারে হতাশা

ক্রীড়া প্রতিবেদক:

টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ব্যর্থতার পর ওয়ানডে সিরিজেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে সিরিজে মিডল অর্ডারের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি দেখছেন প্রধান কোচ ডেভিড হেম্প। অন্যদিকে, পুরো সিরিজজুড়েই টপ অর্ডারের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে কোচিং স্টাফকে।

সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে ৮ উইকেটের ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা। মিডল অর্ডারের ব্যাটাররা নিজেদের সামর্থ্যের কিছুটা প্রমাণ দিতে পারলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি টপ অর্ডারের ব্যাটাররা।

বিষয়টি নজরে এসেছে প্রধান কোচ ডেভিড হেম্পেরও। ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার উপায় খুঁজছেন তিনি। তবে মিডল অর্ডারে উন্নতির বিষয়টি তুলে ধরে ঢাকা পোস্টকে হেম্প বলেন, ‘কোনো ম্যাচের ফল আমাদের পক্ষে না থাকলেও ছোট ছোট বেশ কিছু বিষয়ে ভালো উন্নতি হয়েছে (মিডল অর্ডারে)। তবে সবসময়ই আরও কাজ করার বা গুছিয়ে নেওয়ার মতো জায়গা থাকে ব্যাটিংয়ে।’

সিরিজের তিন ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে হেম্প বলেন, ‘ব্যাটিং গ্রুপের পরিকল্পনা হলো সবসময় রান তোলার কথা চিন্তা করা—ক্রিজে সক্রিয় থাকা। এই সিরিজে আমরা নির্দিষ্ট কিছু সময়ে এর প্রমাণ দেখেছি, তবে এটি পুরোপুরি আয়ত্ত করতে কিছুটা সময় লাগবে।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী দলটির বিপক্ষে খেলাকে বাংলাদেশের জন্য ভালো পরীক্ষা হিসেবেও দেখছেন হেম্প। তাঁর ভাষ্য, ‘আমাদের এটাও মনে রাখতে হবে যে, অস্ট্রেলিয়ার এই দলটি বিশ্বের সেরা—আইসিসি তালিকায় সেরা ১০ জনের মধ্যে তাদের তিনজন ব্যাটসম্যান ও পাঁচজন বোলার রয়েছে। তাই এটি আমাদের জন্য খুব ভালো একটি পরীক্ষা ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *