বিনোদন ডেস্ক:
‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হাতে এসেছিল একের পর এক নতুন সিনেমার প্রস্তাব। আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে অর্থের লোভে তড়িঘড়ি কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি অভিনেত্রী। নিজের পছন্দের গল্পের অপেক্ষায় থেকে সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
সাধারণত কোনো সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেলে তারকাদের কাছে নতুন কাজের প্রস্তাব বাড়তে থাকে। একই সঙ্গে বেড়ে যায় পারিশ্রমিকের অঙ্কও। শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তবে অন্যদের মতো প্রস্তাব পাওয়া মাত্রই নতুন কাজে যুক্ত হননি তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতার কথা জানান শ্রদ্ধা। এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার বিষয়ে তাঁর পরামর্শ জানতে চান। উত্তরে অভিনেত্রী নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পর তাঁকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। পারিশ্রমিকের অঙ্কও ছিল বেশ আকর্ষণীয়। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।
শ্রদ্ধা বলেন, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব—‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’
দীর্ঘ সময় অপেক্ষা করাটা সহজ ছিল না বলেও জানান অভিনেত্রী। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার জন্য এখন তিনি গর্ব অনুভব করেন।
শ্রদ্ধার ভাষায়, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব—নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’
তরুণীদের উদ্দেশে শ্রদ্ধার এই পরামর্শে উঠে এসেছে ক্যারিয়ার গঠনে ধৈর্য, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং সিদ্ধান্তে অবিচল থাকার বার্তা।