আগস্টে দেশে এলো ৩৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স

অর্থনীতি ডেস্ক

সদ্য সমাপ্ত আগস্ট মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৯ লাখ ডলার। সে হিসাবে গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই মাসে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৫০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৬ কোটি মার্কিন ডলার। ফলে অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৫৮২ কোটি ৫৩ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। বৈধ পথে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের সরবরাহ বৃদ্ধি পায়। এতে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য দেওয়া প্রণোদনা এবং ব্যাংকিং সেবা সহজ হওয়ায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ার বিষয়টি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে।

এদিকে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে এর আগে এত বেশি রেমিট্যান্স আসেনি।

এসআই/জেডএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *