আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মো. মশিউর রহমান:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে কোনো অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। তাই আগামী দিনে যেন এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘তাঁর জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে। আমরা একসঙ্গে আন্দোলন করেছি এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ দূর করেছি। আজ বাংলাদেশে কোনো অপশক্তি বা ফ্যাসিবাদ জাতীয় সংসদে নেই। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার ক্ষমতা নিয়েছে মাত্র তিন মাস। জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। পাঁচ বছর পর আবার ভোট হবে। এই পাঁচ বছরে আমরা কী করলাম আর কী করলাম না, তার হিসাব জনগণের কাছে দিতে হবে। তাই সরকার জনগণের জন্য যা যা করা প্রয়োজন, ইনশাআল্লাহ তা করবে।

তিনি আরও বলেন, কোনোভাবেই যেন এই বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম না হতে পারে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং নির্বাহী প্রকৌশলী সাদৎ-আল-হারুন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *