মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভূঁইয়া, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে নাইট গার্ডদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং অনুপস্থিত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জন্ম নিবন্ধন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।