আড়াইহাজারে ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ভাইকে হত্যাকাণ্ডে ফাঁসানোর পরিকল্পনায় মাকে হত্যার অভিযোগে প্রায় সাড়ে চার বছর পর আয়েশা আক্তার রানু (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকা থেকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত নুরুন্নাহার বেগম ওই এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ির ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের শুরুতে নিহতের মেয়ে রানুসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে কবির হোসেনকেও আটক করেছিল পুলিশ। পরে মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

দীর্ঘ তদন্ত শেষে সিআইডি দাবি করে, পারিবারিক বিরোধ এবং পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগের উদ্দেশ্যে রানু পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে নিজের মাকে হত্যা করেন। একই সঙ্গে হত্যার দায় ভাইয়ের ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে তদন্তে উঠে আসে।

তদন্তে রানুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *