‘আপন পর’ দেখে কাঁদছেন দর্শক, প্রশংসায় তৌসিফ-বিজরী

বিনোদন ডেস্ক:

ছোটবেলায় মাকে হারানো, এরপর সৎমায়ের কাছে ভালোবাসা ও স্নেহের প্রত্যাশায় বেড়ে ওঠা—মাতৃস্নেহের জন্য এক সন্তানের ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

১৫ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় রুবেল হাসানের নির্মাণে নাটকটি। মেসবাহ উদ্দিন সুমনের রচনায় নির্মিত ‘আপন পর’ এরই মধ্যে ৮৬ লাখের বেশি ভিউ পেয়েছে। নাটকটিতে ৮০ হাজারের বেশি দর্শক লাইক দিয়েছেন। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও প্রায় সাড়ে তিন হাজার।

দর্শকদের অধিকাংশ মন্তব্যেই নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা উঠে এসেছে। অনেকে নাটকটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছেন বলেও জানিয়েছেন।

নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলা থেকেই তীব্র মাতৃস্নেহের অভাব অনুভব করে রিফাত। সৎমায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মনে আরও গভীর হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের ‘আপন’ ছেলের মতো সমাদর না পাওয়ায় মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়ে সে।

একপর্যায়ে মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে রিফাত যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে, সেটিই গল্পের অন্যতম আবেগঘন দিক। আর এই গল্পই দর্শকদের আবেগাপ্লুত করছে।

নাটকে রিফাতের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন তিনি। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ। দীর্ঘদিন পর তাঁকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্ত ও অনুরাগীরা।

এ নাটকের মাধ্যমে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।

‘আপন পর’ নাটকে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গানও ব্যবহার করা হয়েছে। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *