আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। দেশটির ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে আফগানিস্তান বসে থাকবে না বলেও সতর্ক করা হয়েছে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানে হামলা চালায়, তাহলে আফগানিস্তান তার ভৌগলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, পাকিস্তান যদি ‘আর্টিকেল ১৫’ সক্রিয় করে এবং আফগানিস্তানের অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে নিজেদের দেশ রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে। আর সেই অধিকার প্রয়োগ করা হবে।
এর আগে আল-আরাবিয়াকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, আফগানিস্তানে পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যরা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে এসে হামলা চালায়।
পাকিস্তানের ওই বক্তব্যের জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের মাটিতে টিটিপিকে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয় না।
তিনি পাকিস্তানকে আফগানিস্তানকে দোষারোপ না করে নিজেদের নিরাপত্তা সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধানের আহ্বান জানান। তাঁর দাবি, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী ও টিটিপির কার্যক্রম তালেবান ক্ষমতায় আসার আগ থেকেই চলে আসছে।
তবে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় বলে জানান জাবিহুল্লাহ মুজাহিদ।
এ ক্ষেত্রে সৌদি আরবকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। জাবিহুল্লাহ বলেন, সৌদি আরব উভয় দেশের বন্ধু এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে দেশটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।