মোহাম্মদ হোসেন সুমন:
অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়ে কক্সবাজারে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে কক্সবাজার শহীদ সুভাষ হলে সদর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের শিক্ষক, নারী প্রতিনিধি, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিকভাবে গ্রহণযোগ্য মোট ৫৩২ জন কমিউনিটি পুলিশিং সদস্য অংশ নেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান।
সভায় কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ডিন ও কুরআনিক সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তফা কামিল, কার্যকরী কমিটির সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আমানুল হক আমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আক্তার চৌধুরী, পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পুলিশ-জনতার আস্থার সম্পর্ক জোরদারের আহ্বান
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অপরাধ দমন ও মাদক নির্মূল শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাধারণ জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তারা বলেন, স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা কক্সবাজার সদর মডেল থানার বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা উল্লেখ করে বলেন, জনগণ পুলিশকে শুধু আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে নয়, বরং প্রকৃত অর্থে জনগণের বন্ধু ও নিরাপত্তার অংশীদার হিসেবে পাশে পেতে চায়।
সভায় বক্তারা ভবিষ্যতেও পুলিশ-জনতার পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো এবং স্থানীয় সমস্যা সমাধানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করার আহ্বান জানান।
এ সময় অপরাধ, মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত কমিউনিটি পুলিশিং সদস্যরা।
পরে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।