বিনোদন প্রতিবেদক:
দীর্ঘদিন ধরে অভিনয় ও গণমাধ্যমের আড়ালে থাকা ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি হঠাৎ প্রকাশ্যে এসে নিজের জীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান তিনি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন পপি।
জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে পপি বলেন, তিনি সুন্দরভাবে বাঁচতে চান, আল্লাহ-খোদার নাম নিতে চান। একই সঙ্গে জীবনে যে ভুল বা পাপ করেছেন, সেগুলো থেকে নিজেকে শুদ্ধ করে শান্তিপূর্ণভাবে জীবন শেষ করতে চান।
পপির কথায়, “সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।”
তার এই বক্তব্যে অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে সরে শান্ত ও ধর্মীয় জীবনযাপনের আকাঙ্ক্ষাই স্পষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের আলোঝলমলে জগতের বাইরে থাকা এই অভিনেত্রীর অভিনয়ে ফেরার বিষয়টিও এখনো অনিশ্চিত।
এর আগে ২০২৫ সালে পপি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও যে কোনো কাজ দিয়ে ফিরতে চান না। ভালো ও মানসম্মত কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান তিনি। তবে ২০২৬ সালে এসে তার চলচ্চিত্রে ফেরার বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিন শুটিং থেকে বিরতিতে ছিলেন পপি। এ সময় নিজেও করোনায় আক্রান্ত হন তিনি। সুস্থ হওয়ার পর ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অনেকটা বন্ধ করে দেন এই অভিনেত্রী।
এরপর তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিডিয়াপাড়ায় আলোচনা শুরু হয়, বিয়ে করে সংসারী হয়েছেন পপি। পরে জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। বর্তমানে তার বয়স প্রায় চার বছর।