আশুগঞ্জে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিরুদ্ধে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠা গৃহবধূ ইখতারা সরকার (৩০) মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইখতারা সরকার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৩১ অক্টোবর ভোরে চর-চারতলা গ্রামে শ্বশুরবাড়িতে এসে ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তার স্বামী জাহাঙ্গীর। এতে তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়।

নিহতের স্বজনরা জানান, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে সংসারে প্রায়ই কলহ হতো। তিনি স্ত্রীকে মারধরও করতেন বলে অভিযোগ রয়েছে। প্রায় দেড় মাস আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান ইখতারা।

স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

ইখতারার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আগুনে তার গলা, কণ্ঠনালিসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *