আশুলিয়ায় ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৬টি চোরাই গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার সাধুমার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার মো. আ. ছালামের ছেলে তোজাম্মেল (৩৬), বগুড়া জেলার ধনুট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাসের ছেলে খালেক বিশ্বাস (৪০) এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খানের ছেলে জিয়াউল খান (৩০)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন জেলা থেকে গরু চুরি ও ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত গরু রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করত। গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৬টি গরু এবং একটি ট্রাক জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *